লোহিত সাগরে প্রবালপ্রাচীরের মধ্যে মাছটির সন্ধান পান বিজ্ঞানীরাছবি: 

এক্স থেকে সংগৃহীত সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা একে ‘বদমেজাজি চেহারার’ মাছ বলে বর্ণনা করেছেন। তাই এ মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। নতুন পাওয়া এ মাছের প্রজাতির বৈজ্ঞানিক নাম সুয়েভিওতা এথন। লোহিত সাগরের প্রবালপ্রাচীরের মধ্যে পাওয়া গেছে এ মাছের সন্ধান। প্রবালপ্রাচীরের ছোট ছোট গর্ত ও ফাটলের ভেতর মাছগুলোর বসবাস। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকেরা বলেন, মাছটির মুখের গঠন এমন, যেন দেখে মনে হয় এটি রেগে আছে ও অখুশি। গ্রাম্পি ডোয়ার্ফগোবি নামকরণের পেছনে কয়েকটি কারণ আছে। চেহারার রাগী ধরনের কারণে ‘গ্রাম্পি’ নামটি এসেছে। ‘ডোয়ার্ফ’ (বামন) বলা হচ্ছে এর ছোট আকারের কারণে। মাছটি লম্বায় দুই সেন্টিমিটারের কম। আর ‘গোবি’ নামটি আসার কারণ, মাছটি গোবিডি পরিবারের অন্তর্ভুক্ত। গোবিডি পরিবারে দুই হাজার প্রজাতির মতো সদস্য আছে। সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন আবিষ্কৃত মাছটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। পেনসফটের জুকিস সাময়িকীতে এ–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।